ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

হাসান ইমামের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

টাঙ্গাইল-৪ আসনের মো. হাসান ইমাম খান সোহেলের সংসদ সদস্যপদ (এমপি) বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।


বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।


তিনি বলেন, মঙ্গলবার (১৬ নভেম্বর) রিট আবেদনের বিষয়ে হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চে শুনানি হতে পারে।


হাসান ইমাম খানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে হলফনামায় তথ্য গোপন করার অভিযোগে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন স্থানীয় ভোটার মো. মোখলেছুর রহমান।


মোখলেসুর রহমানের পক্ষে অ্যাডভোকেট মো. বোরহান খান এ রিট আবেদন দায়ের করেন।


তিনি বলেন, এর আগে হলফনামায় শিক্ষাগত যোগ্যতায় গরমিল আছে উল্লেখ করে ২৫ জুলাই স্পিকার বরাবরে মোখলেছুর রহমান চিঠি দেন। চিঠিতে বিতর্কের বিষয়টি নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনে পাঠানোর অনুরোধ করেন।


সেটি নিষ্পত্তি না করায় এবার তিনি হাইকোর্টে রিট করেছেন। রিট আবেদনে ওই আবেদন নিষ্পত্তিতে নির্দেশনা চাওয়া হয়েছে। এতে নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে হাসান ইমান খানের সংসদ সদস্য পদ বাতিল চাওয়া হয়েছে।


উল্লেখ্য, হাসান ইমাম খান টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য। এ আসনের সাবেক সদস্য আবদুল লতিফ সিদ্দিকী হজ ও তাবলিগ জামাত নিয়ে কটূক্তি করায় ২০১৪ সালে মন্ত্রিসভা থেকে অপসারিত হন ও দল থেকে বহিষ্কৃত হন। তিনি সংসদ থেকে পদত্যাগ করার পর উপ-নির্বাচনে হাসান ইমাম খান নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনেও দলীয় মনোনয়ন পেয়ে দ্বিতীয়বারের মতো তিনি নির্বাচিত হন।

ads
ads
ads

Our Facebook Page

↑